শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে জামায়াতে ইসলামী একটি নৈতিক প্রশিক্ষিত জাতি গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের গণমানুষের নেতা মোবারক হোসাইন।

গতকাল বুধবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত আলী হোসেন স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন থানা আমীর মো সাখাওয়াত হোসেন, থানা সেক্রেটারি মো: মাইনুল হোসেন প্রমুখ।

মোবারক হোসাইন বলেন, দেশ-জাতির মুক্তি ও কল্যাণ এবং ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা গণমুখী শিক্ষা প্রবর্তনের সাথে সাথে আদর্শিক, নৈতিক ও ইসলামী মূল্যবোধভিক্তিক এবং কর্মমুখী শিক্ষা চালু করবো। ধর্মীয় মূল্যবোধের সাথে সাথে কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তিকে পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হবে। যাতে আমাদের গৃহীত শিক্ষা দেশে যোগ্যতর ও বিশ্ব মানের নাগরিক তৈরিতে সহায়ক হয়। একই সাথে আমরা দেশ থেকে বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি বেশি কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো। বিদেশে মেধা পাচাররোধে যোগ্য ও মেধাবীদের যথাযথ মর্যাদায় দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।