সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বড় বস্তা খাল এলাকা থেকে অবৈধভাবে মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম এবং বিষের বোতল জব্দ করেছে বন বিভাগ। বুধবার ভোরে পূর্ব সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগের সূত্র জানায়, ওই দিন ভোরে টহলরত একটি দল বড় বস্তা খালের ভেতরে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। এ সময় বনরক্ষীরা তাদের ধাওয়া করলে অভিযুক্তরা নিজেদের নৌকা ও ব্যবহৃত সরঞ্জাম ফেলে দ্রুত বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি নৌকা, দুটি টোনা জাল, বরফ সংরক্ষণের ব্যবস্থা এবং মাছ শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত তিনটি বিষের বোতল উদ্ধার করা হয়।