কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী বাজারে গতকাল শনিবার দুপুরে উপজেলা বিএনপির একাংশের মতবিনিময় সভায় আগত সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন রকি হোসেনসহ গাজীপুরের ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, জেলা বিএনপির আহবায়ক সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের আমন্ত্রণে গতকাল শনিবার দুপুরে উপজেলা বিএনপির একাংশের একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহের কাজে গাজীপুর থেকে ১২-১৩ জন সাংবাদিক উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানটি যথাসময়ে শুরু হয়ে দপুর সোয়া ১টার সময় শেষ হলে নেতাকর্মীরা যার যার গন্তব্যে চলে যান। পরে আমন্ত্রণকারী তার কার্যালয়ে সাংবাদিকদের দুপুরের খাবার পরিবেশনকালে ১৫-২০ জন সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়। এ সময় সাংবাদিকগণ তাদের পরিচয়পত্র দেখালেও মারধর শুরু করলে যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন রকি হোসেন ছবি উঠাতে শুরু করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে ধরে মাঠে নিয়ে বেধরক মারপিট করে তার ক্যামেরা ভাঙচুর করে এবং তা ছিনিয়ে নেয়। এ সময় সাখাওয়াত হোসেন সেলিম ও ডিএসবি পুলিশ সদস্য মোঃ খোরশেদ আলমসহ ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রকি হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।