গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্তর্গত বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক সভা রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাআশিফের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম কোরবান আলী বলেন, একটি জাতির ভিত্তি রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। প্রাইমারি স্কুলের পর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্ডারগার্টেন স্কুল। এই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে যাতে নৈতিকতা সম্পন্ন আদর্শ শিক্ষা পায়, সে লক্ষ্যেই কাজ করে যাছে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ। আমাদের কোমলমতি সন্তানদের ভবিষ্যত নির্ধারিত হয় কিন্ডারগার্টেন স্কুলে। তাই এই শিশু সন্তানেরা যাতে শিক্ষকদের দ্বারা মিছগাইড না হয়, সে জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ কিন্ডারগার্টেন শিক্ষকদেরকে নৈতিকতা সম্পন্ন আদর্শ শিক্ষক হিসাবে তৈরি করার চেষ্টা করে চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, কিন্ডারগার্টেনে পড়ুয়া শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আদর্শ শিক্ষক যাদের থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। আর সেই নৈতিকতা সম্পন্ন আদর্শ শিক্ষক তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদ

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক রবিউল ইসলাম বলেন, আজ দেশের অধিকাংশ শিক্ষার্থীরা উশৃঙ্খল, বেপরোয়া হয়ে উঠছে, নানান অপরাধে জড়িয়ে পরছে। এর কারণ হলো শিশু বয়সে সুশিক্ষা না পাওয়া। এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজির আহমদসহ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।