আধুনিক, নৈতিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যশোরে থ্রি-ভার্সন (বাংলা, ইংরেজি ও আরবি) শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ।

তারা বলেন, আগামী প্রজন্মকে প্রযুক্তিনির্ভর, সৃজনশীল ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক ইসলামী মূল্যবোধের সমন্বয় অপরিহার্য।

মঙ্গলবার (৪ আগস্ট)সকালে স্কুল অডিটোরিয়ামে এক বছরের গৌরবময় পথচলা-আগামীর স্বপ্নময় যাত্রা ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্কুল ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন, ঢাকার সদস্য সচিব আলমগীর মোহাম্মাদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শারাফাত হোসেন।

প্রধান অতিথি আলমগীর মোহাম্মাদ ইউসুফ বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের বিষয় নয়,বরং একজন সুনাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি।

তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করতে হবে। তিনি যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের থ্রি-ভার্সন শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর সার্বিক সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি জি এম আবু ফয়সাল বলেন, অভিভাবকদের আস্থা ও সবার সহযোগিতায় অল্প সময়েই প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বাংলা, ইংরেজি ও আরবি এই তিন ধারার শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষ শিক্ষক এবং উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাবে।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল শারাফাত হোসেন বলেন, প্রতিষ্ঠার প্রথম বছরেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং শৃঙ্খলা, নৈতিকতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি ভবিষ্যতে যশোরে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিচ স্কুল এন্ড কলেজ এর পরিচালক (সচিব) গাউসুল আজম,পরিচালক (এডমিন) মোস্তফা কামাল, পরিচালক (ফাইন্যান্স) রেজওয়ান হোসেন, পরিচালক সাংবাদিক এম এ আর মশিউর,হাসানুজ্জামান, কুতুব উদ্দিন।

অভিভাবক বিপ্লব বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ অল্প সময়েই শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে অভিভাবকদের আস্থা অর্জন করেছে। এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, সুন্দর চরিত্র ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা ও যত্ন আমাদের সন্তুষ্ট করেছে। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠান যশোরের শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

অপর এক অভিভাবক বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা আমাকে মুগ্ধ করেছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষাবান্ধব পরিবেশে আমাদের সন্তানরা আত্মবিশ্বাসী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠছে। প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য আরও বৃদ্ধি পাক—এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং প্রতিষ্ঠানের এক বছরের সাফল্য তুলে ধরা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।