গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের আকন্দবাড়ী সংলগ্ন এলাকায় মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বাদ আছর নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং আইনুল ইসলামের সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল বলেন, “শ্রীপুরে বেকারত্বের কারণে মাদক ও সন্ত্রাস বেড়ে গেছে। বেকারত্বের কারণে অনেক যুবক হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।”

তিনি বলেন, নির্বাচিত হলে যুবসমাজের বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তরুণদের স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরিয়ে আনতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মাদকবিরোধী কার্যক্রমের বিষয়ে নাসিম মন্ডল বলেন, “মাদকের গডফাদার কারা, তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত শ্রীপুর গড়তে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করবেন। এলাকার মানুষের কল্যাণে কাজ করা এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখাকে তিনি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। উঠান বৈঠকে গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।