শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামী ও একটি মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আইনাল শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। আনোয়ার হোসেন ওরফে আইনালের শার্শা উপজেলায় ইটের ভাটা ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা রয়েছে বলে জানাগেছে। তার স্বজনেরা জানান, নাভারনের এক ব্যবসায়ীর ওয়ারেশদের সাথে মোটা অংকের টাকার ব্যবসায়ীক লেনদেনের কারনে ষড়যন্ত্র করে তাকে ধরিয়ে দিয়েছে।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি বিশেষ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ওরফে আইনাল কে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকা- পরিচালনা করতেন। সে বেনাপোল , যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং আইডি কার্ড পরিবর্তন করে জালিয়াতির মাধ্যে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (ক) নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।