যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও পররাষ্ট্রনীতি ‘মিথ্যার ওপর অতিরিক্ত নির্ভরশীল’ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
মার্কিন নীতি নিয়ে সমালোচনা করতে গিয়ে রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস ‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর একটি উদ্ধৃতি টানেন বাঘাই। তিনি বলেন, নিজের সঙ্গে মিথ্যা বলা এবং সেই মিথ্যাকে বিশ্বাস করতে করতে একসময় মানুষ নিজের ভেতরে ও চারপাশের সত্য-মিথ্যার পার্থক্যও বুঝতে পারে না।
ইরান ও মধ্যপ্রাচ্যের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বাঘাই দস্তয়েভস্কির ওই উদ্ধৃতি ব্যবহার করেন।
ইরানি এই কর্মকর্তা আরও ইঙ্গিত দেন, ওয়াশিংটনের নীতিনির্ধারণে বাস্তবতার পরিবর্তে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যার ওপর নির্ভরতার প্রবণতা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকা নিয়ে তীব্র বিরোধ রয়েছে। নতুন এই মন্তব্য সেই চলমান উত্তেজনার মধ্যেই এল।