কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা ৪৩ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে পৌরসভায় তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেছেন।

সোমবার সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে একমাসের বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। এ দিকে পৌরসভার কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাভোগী জনগণ। জানা যায়, কুমারখালী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন না দিয়ে সম্প্রতি বদলীকৃত প্রকৌশলী ওয়াহিদুজ্জামানের গ্র্যাচুইটি ভাতা প্রদানের জন্য ৬ লাখ ৭০ হাজার টাকা প্রদানের চেক প্রস্তত করা হলে পৌরসভার হিসাব রক্ষক ও সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে তার কক্ষ থেকে বের করে দিয়ে পৌরসভার প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। ইতিপূর্বে পৌরসভায় কোনো কর্মকর্তা বা কর্মচারীদের গ্র্যাচুইটি ভাতা প্রদান না করা হলেও ওয়াহিদুজ্জামানের ক্ষেত্রে এমন বৈষম্য সৃষ্টি করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন পৌরসভায় কর্মরত সকলে। কুমারখালী পৌর কর্মচারী সংসদের সভাপতি ও পৌরসভার প্রধান সহকারী রাজু আহমেদ বলেন, ৫২ জন কর্মচারীর ৪৩ মাসের প্রায় আট কোটি টাকা বেতন বকেয়া। তা পরিশোধের কোনো উদ্যোগ নেই। অথচ সম্প্রতি বদলিকৃত প্রকৌশলী ওয়াহিদুজ্জামানের প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা গ্র্যাচুইটি ভাতা পরিশোধের জন্য চেক প্রস্তত করা হয়েছে।