কোটচাঁদপুর সংবাদদাতা : প্রকৃত সত্য এই যে, আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী’ কুরআনের এই সত্য বাণীকে সামনে নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ওয়ার্ড সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক প্রভাষক শরিফুল ইসলামের সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি শিমুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুব সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হাই বলেন, ইসলাম বিজয়ের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন যুবকরা। মহান আল্লাহ কাছে যুবকদের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। বাংলাদেশের বয়স ৫৪ বছর কিন্তু এখনো পর্যন্ত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই। মুসলিম অধ্যুষিত হলেও কুরআনের শাসন জারি নাই। আগামীতে কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যুবকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট সংগ্রহ করার জোর তাগিদ দেন যুবকদের।