নরসিংদী জেলা সংবাদদাতা
নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল শনিবার দুপুরে প্রথমে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের মান পর্যবেক্ষণ ও শ্রেণিকক্ষে শিশুদের পড়ালেখার অবস্থা ঘুরে দেখেন। তিনি মিড-ডে মিলের খাবারের মান নিয়ে ঠিকাদারের সাথে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি খাবারের মান এর উন্নতি না হলে কার্যাদেশ বাতিলেরও হুশিয়ারি দেন। পরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে গন্ধ সন্দেহজনক হওয়ায় দুইটি স্যাম্পল ঢাকার ল্যাবে টেস্টের জন্য নিয়ে যায়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, আজকে বিদ্যালয়ে সাপ্লাইয়ারদের দেয়া মিড-ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি, খাবারে কিছু ত্রুটি পেয়েছি। শিশুদের দেয়া মিড-ডে মিলে যাতে কোনো ত্রুটি না থাকে এবং শিশুরা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে নিয়মিত আসে, সে জন্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি। শিশুদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা তা ঘুরে দেখেছি। ইতিমধ্যে মিড-ডে মিলের খাবারের মান নিয়ে যতগুলো অভিযোগ পেয়েছি, তা আমি নিজেই দেখিতেছি। এটা নিয়ে ক্যাবিনেট চিন্তিত, আমরা শক্তভাবে মনিটরিং করছি । প্রয়োজনে পুরো স্ট্রাকচার পরিবর্তন করে দিবো। আমরা অভিজ্ঞদের সাথে পরামর্শ করে খাবার যেন নষ্ঠ না হয় সে জন্য এর ধরণের পরিবর্তনের চেষ্টা করছি।