নারায়নগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান স্টারভিউ হাউজিং লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্নসহ নির্মাণ কাজ স্থগিতের আদেশ দেয়া হয়। নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ ৮/৩ জোনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে শনিবার বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
শহরের আলম খান লেন এলাকায় অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন রাজউকের ৮/৩ জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম। এসময় জেলা পুলিশের একটি প্রতিনিধি দল এই অভিযানে সহযোগিতা করেন।
আমাদের ভবনটি রাজউকের অনুমোদন রয়েছে। অনুমোদন ছাড়া কাজ করা যাবেও না। ভবিষ্যতের ঝুকি এড়াতে নিয়ম বহির্ভুতভাবে আমি কোন কাজ করবো না। এখানে নির্মাণকারী প্রতিষ্ঠানের লোকজনও আছে। আর আমরা যারা জমির মালিক তারা কোন নিয়ম না মেনে কাজ করবো না। আজকে আমরা অনিয়ম করে ভবন নির্মাণ করবো পরে রাজউক তা ভেঙ্গে দিবে। সেটা আমরা চাই না।
রাজউকের নিয়ম বহির্ভূত বিভিন্ন কারণে এখানে অভিযান চালানো হয়। নিয়ম অনুযায়ী ভবনের সামনে একটি সাইনবোর্ড থাকার কথা যেটি আমরা দেখতে পাইনি। ভবনের নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের একটি নকশা দেখিয়েছে যার সাথে নির্মাণ কাজের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। যতটুকু কাজ নকশা বহির্ভুত করা হয়েছে সেগুলো অপসারণ করা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ এক লাখ টাকা জরিমানা এবং কাজ স্থগিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো বলেন, সব সময় আমাদের রাজউকের পরিদর্শকরা বিভিন্ন নির্মাণাধীন ভবন পরিদর্শন করে থাকে। নিয়ম বহির্ভুত যেসকল ভবন পাওয়া যায় সেখানেই আমাদের অভিযান পরিচালিত হয়ে থাকে।