জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, সংগঠনের গণভিত্তি সুদৃঢ় করতে জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে।

শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল আরও বলেন, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের আদর্শিক মান, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।

সংগঠনের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম বলেন, আদর্শিক প্রশিক্ষণ ও সাংগঠনিক শৃঙ্খলা একটি সফল সংগঠনের মূল শক্তি। দায়িত্বশীলদের নিয়মিত অধ্যয়ন ও আত্মগঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে ।

পাবনা জেলা সেক্রেটারি আব্দুল গাফফার খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ, এস এম সোহেল, পাবনা পৌরসভার আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, আব্দুর রহমান, অধ্যাপক রেজাউল করিম, মাওলানা মোখলেছুর রহমান, অ্যাডভোকেট কামাল হোসেন ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

শিক্ষা শিবিরে দারসুল কুরআন, সংগঠন পরিচালনা পদ্ধতি, ইনফাক ফি সাবিলিল্লাহ এবং রিপোর্টিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা আমিরবৃন্দ, দায়িত্বশীল নেতা-কর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।