মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : মনোহরগঞ্জের ঐতিহ্যবাহী পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ৩ এপ্রিল স্কুল মাঠে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এবং আনন্দ র‌্যালির মাধ্যমে শতবর্ষ উদযাপন শুরু হয়।

এরপর ১২টা পর্যন্ত প্রতিষ্ঠাকালীন থেকে ২০২৪ সালের শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং কৃতী সংবর্ধনাসহ ক্রেস্ট প্রদান করা হয়। ১২ থেকে শুরু হয় স্কুলের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেল ৩টা থেকে শুরু হয় শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং মাইন উদ্দিন সোহাগ, ইকবাল মাহমুদ ও আবুল কালামের সঞ্চালনায় উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সচিবালয়ের সচিব (পিআরএল) মো. আনোয়ার উল্লাহ এফসিএমএ, ব্যারিস্টার গোলাম সরওয়ার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডা. মো. জিয়া উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক আমীরুল কায়সার, কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাসিম বিল্লাহ। উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সুধির চন্দ্র মল্ল বর্মণ, মকবুল আহমেদ, অ্যাডভোকেট আবুল বাশার। অনুষ্ঠানে স্কুলের ইতিহাস তুলে ধরেন সাবেক প্রধান শিক্ষক আবুল বাশার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সমন্বয়ক সলীম উল্লাহসহ সাবেক শিক্ষার্থীরা।