শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নূরজাহান রিনা গত শুক্রবার রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে মরহুমার বয়ষ হয়েছিল ৫৪ বছর। তিনি দুই ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নূরজাহান রিনা পারভীন যশোরজেলা মহিলা দলের সহ সভানেত্রী, শার্শা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী ও মৃত্যুর আগমুহুর্ত শার্শা উপজেলা মহিলা দলের আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন শার্শা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবের দায়িত্ব পালন করেছেন। সে শার্শা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে। কর্মজীবনে তিনি রাজনীতি’র পাশাপাশি বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার বড় ভাই সেলিম উদ্দিন জানান, শুক্রুবার ইফতারির পর তার ছোট বোন নূরজাহান রিনা পারভীনের বুকের ভিতরে ব্যাথা অনুভব করে। তখনই তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরী বিভাগের ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। মরহুম নূরজাহান রিনা পারভীনের মৃত্যুর খবর শুনে রাতেই শার্শা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তাদের বাড়িতে ছুটে যান ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। শার্শা উপজেলা মহিলা দলের সভানেত্রী নূরজাহান রিনা পারভীনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপি কেন্দ্র কমিটির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত} সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, শার্শার সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।