দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সপ্তাহের প্রতি রোববার ও সোমবার হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচারকাজ সম্পূর্ণ ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শারীরিক উপস্থিতিতে (Physical Court) নিয়মিত বিচারকাজ চলবে।
আদালতের বিশাল অবকাঠামোতে বিদ্যুৎ ব্যবহার হ্রাস এবং বিচারপ্রার্থী ও আইনজীবীদের যাতায়াত কমিয়ে জ্বালানি খরচ সাশ্রয় করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে সরকার ইতিমধ্যে বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। বিচার বিভাগও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট চললে সুপ্রিম কোর্ট এলাকার বিদ্যুৎ ব্যবহারের ওপর বড় ধরনের চাপ কমবে।
তবে, আচমকা এই সিদ্ধান্তে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনজীবীদের একাংশ একে সময়োপযোগী বললেও, অনেকে ভার্চুয়াল শুনানিতে প্রযুক্তিগত জটিলতার আশঙ্কা প্রকাশ করেছেন। তবে সাধারণ বিচারপ্রার্থীদের জন্য এটি যাতায়াত খরচ ও সময় বাঁচানোর একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র জানিয়েছে, "প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিচার বিভাগকে সচল রেখে জ্বালানি সাশ্রয়ে শরিক হওয়াই আমাদের মূল লক্ষ্য। এতে বিচারিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না।"
এর আগে করোনা মহামারীর সময় দীর্ঘকাল ভার্চুয়াল পদ্ধতিতে সফলভাবে বিচারকাজ পরিচালিত হয়েছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই বর্তমান সংকট উত্তরণের চেষ্টা করছে উচ্চ আদালত।