দৈনিক সংগ্রামের ফটোসাংবাদিক আরিফুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শান্তিনগরের অরোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির নেতৃবৃন্দ।

হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এ সময় তারা আরিফুল ইসলামের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

জানা গেছে, ফটোসাংবাদিক আরিফুল ইসলাম ব্রেন টিউমারে আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ আগস্ট রাতে তাকে রাজধানীর শান্তিনগরের অরোরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

তার পরিবার ও সহকর্মীরা আরিফুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।