দুই বছর আগে চট্টগ্রাম নগরীতে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় আলোচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশের করা আবেদনের শুনানি শেষে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ২০২৪ সালের ২১ অক্টোবর চান্দগাঁও এলাকায় আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় মোবারক হোসেন ইমন এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় মাইক্রোবাসে করে আসা সন্ত্রাসীরা ইট-বালু ব্যবসায়ী আফতাব হোসেন তাহসিনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন, মোবারক হোসেন ইমনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে গত ১২ আগস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। এছাড়া গত ২ আগস্ট ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং অন্য একটি অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি।

গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি গাড়ি থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। পরদিন তাঁকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর পর তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার আইনি কার্যক্রমও চলমান রয়েছে।