মুন্সীগঞ্জের গজারিয়ায় রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে রিনা আক্তারের সঙ্গে সুমন সরকারের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয়দের ভাষ্য, গত তিন-চার বছর ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। কখনো কখনো তা মারামারিতেও গড়াত।

শনিবার সকালে রিনার সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে গিয়ে রিনার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় রিনার স্বামীকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাঁকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। রিনার মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।