গত রোববার বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ২০২৫-২৬ সেশনের প্রায় ৯৩০ জন নবীন ছাত্রীকে নিয়ে বর্ণাঢ্য নবীন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক হাজার নারী শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবর্ধনা অনুষ্ঠানটি দুপুর ২টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী, সিনেট সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কানিজ ফাতেমা রিফাত, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বাংলাদেশের দ্বিতীয় মহিলা নিউরোসার্জন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

নবীন সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন ড. শামসুল আলম, অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন ভিসি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। তিনি তাঁর বক্তব্যে বিশেষভাবে বিশ্ববিদ্যালয় জীবনের সঠিক ব্যবহার, সময়ের মূল্য, আদর্শ চরিত্র গঠন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাইসা রিফাত জুইন, পরিচালক, আস সাহওয়াহ ইনস্টিটিউট অব নলেজ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মগঠন এবং জ্ঞানচর্চার ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। এসময় আরও উপস্থিত ছিলেন তাইয়্যেবা তাহসিনা, আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদিকা, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য-উদ্দেশ্য, আত্মগঠন, নৈতিক মূল্যবোধ, জ্ঞানচর্চা এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।

সাইমুম শিশু শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ, নাত, কাওয়ালি ও গীতি আলেখ্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

নবীন শিক্ষার্থীদের জন্য ক্রেস্ট, ফুল, পবিত্র কুরআন, মূল্যবান বই, টোট ব্যাগ, নোটবুক, কলম ও স্ন্যাক্সসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

সাবিকুন্নাহার তামান্নার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিক অংশগ্রহণ এবং আনন্দঘন পরিবেশে নবীন সংবর্ধনা অনুষ্ঠানটি সাফল্যম-িত হয়।