জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সমাজবিজ্ঞান ভবনের নিচে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে র‍্যালিটি বিএনসিসি ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যায়।

র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং ক্যাম্পাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক নজরুল ইসলাম, প্লাটুনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক তমালিকা সুলতানা (পিইউও) এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদুল ইসলাম।

বিএনসিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্স-ক্যাডেট আন্ডার অফিসার সাদমান জাহাঙ্গীর, ক্যাডেট সার্জেন্ট রুবাইয়া জাবিন তাহমিনা, কর্পোরাল, ল্যান্স কর্পোরালসহ বিএনসিসির অন্যান্য ক্যাডেটবৃন্দ।

বক্তব্যে এক্স-ক্যাডেট আন্ডার অফিসার সাদমান জাহাঙ্গীর বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন করলেই হবে না, এর পাশাপাশি শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সবাইকে সচেতন হতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং প্রয়োজনীয় মশক নিধন কার্যক্রম নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিএনসিসির পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে চাই।”