দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানবসেবায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে তিন দিনব্যাপী ‘রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে। কলেজের আয়োজনে এবং গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম, কলেজের যুব রেড ক্রিসেন্ট দলের গাইড টিচার মো. আরিফুর রহমান এবং গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কৌশল, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় এবং দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আল আমিন, মো. রায়হান হোসেন রিজন, মো. সাফায়াত হোসেন খান (অনিক), মাহফুজা আক্তার, মো. রোকন উজ্জামান রনি ও ডালিয়া আক্তার। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন ভলান্টিয়ার ফারদিন ও সাবিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা থাকলে দুর্ঘটনা, দুর্যোগ কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ মানুষের জীবন রক্ষায় তাৎক্ষণিক ভূমিকা রাখা সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের দক্ষতা তৈরি হলে তারা শুধু নিজেদের নয়, পরিবার, সহপাঠী ও সমাজের মানুষের প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে।

বক্তারা আরও বলেন, রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম তরুণদের নেতৃত্ব, স্বেচ্ছাসেবা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দুর্যোগ ও সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবসেবায় নিজেদের সম্পৃক্ত করতে পারবে। এ সময় তারা শিক্ষার্থীদের রেড ক্রিসেন্টের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।