সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ পালিত হয়েছে। ক্যাম্পাসকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে একযোগে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গাকৃবি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে পর্যায়ক্রমে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এর আগে গত ১১ জুলাই সামার টার্মে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাকৃবিতে যোগ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আবাসিক হলগুলোতে এ বৃক্ষরোপণ করা হলো।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, আবাসিক হলগুলোর প্রভোস্ট এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। কৃষি, পরিবেশ ও মানুষের কল্যাণকে সমন্বিত করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার সরকারি উদ্যোগ বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’
বৃক্ষরোপণকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচিটি সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে পরিণত হয়।
উল্লেখ্য, জুলাই ’২৪-এর গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনাকে অম্লান রাখা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ৫০ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবেও গাকৃবির বিভিন্ন স্থানে ইতোমধ্যে ভেষজ ও ফুলজাতীয় বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।