কওমি ধারার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রোগ্রাম দুটির সিলেবাস ও রেগুলেশন প্রণয়নবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ওপেন স্কুলের আয়োজনে এ কর্মশালা শুরু হয়। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মশালা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে বাউবি দীর্ঘদিন ধরে কাজ করছে। শিক্ষা থেকে বঞ্চিত ও প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।
ভিসি বলেন, 'কওমি ধারার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এসএসসি নিশ-৩ ও এইচএসসি নিশ-৩ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ও মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।'
তিনি আরও বলেন, নিশ-৩ প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন এখনো চূড়ান্ত হয়নি। কর্মশালায় শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এগুলো আরও যুগোপযোগী করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রোগ্রাম দুটি চালু করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভিসি বলেন, বয়স, লিঙ্গ, পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত রেখে বাউবি মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা সম্প্রসারণে বাউবির কার্যক্রমে নতুন অধ্যায় যুক্ত হবে।
ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছাঃ শিরিন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ঢাকা মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।
পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওপেন স্কুলের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাহীম। প্রস্তাবিত সিলেবাসের সারসংক্ষেপ উপস্থাপন করেন ওপেন স্কুলের অধ্যাপক ড. মোঃ চেঙ্গীশ খান।
কর্মশালায় সিলেবাস ও রেগুলেশনের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান, পেশাগত দক্ষতা, আত্মকর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রোগ্রাম দুটির কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছাঃ শিরিন সুলতানা। ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন।