জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার দক্ষতা বাড়ানো, আত্মবিশ্বাস তৈরি এবং শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় মাসব্যাপী ‘সেল্ফ ডিফেন্স ট্রেনিং’ আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
জাকসুর সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহাদী হাসান জানিয়েছেন, 'আগামী ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এক মাসের কোর্সে মোট ১২টি ক্লাস নেওয়া হবে। প্রতি সপ্তাহের শনি, রবি ও মঙ্গলবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য হবে দেড় ঘণ্টা।
প্রশিক্ষণে নারী প্রশিক্ষকের মাধ্যমে মার্শাল আর্টের মৌলিক শারীরিক অনুশীলনের পাশাপাশি বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো হবে। একই সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কেও প্রাথমিক ধারণা দেওয়া হবে।'
প্রশিক্ষণার্থীদের জন্য দুটি ব্যাচ রাখা হয়েছে। প্রথম ব্যাচের ক্লাস বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ক্লাস বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত চলবে।
পুরো প্রশিক্ষণ কার্যক্রমে সর্বোচ্চ ১০০ জন নারী শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিটি ব্যাচে ৫০টি করে আসন থাকবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, “দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারীদের জন্য প্রয়োজনীয় নিরাপদ পরিবেশের ঘাটতির বিষয়টি বিবেচনায় নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মনোবল ও শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবেন। একই সঙ্গে দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য তৈরিতেও এটি সহায়ক হবে বলে আশা করছেন তারা।”
জাকসুর জিএস আরও বলেন, “১২টি ক্লাসের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন ও আত্মরক্ষার কৌশলের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কিছু তাত্ত্বিক বিষয়ও রাখা হয়েছে।”
প্রশিক্ষণ সফলভাবে শেষ করা শিক্ষার্থীদের কোর্স শেষে সনদ প্রদান করা হবে।