এসএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ শতাংশ।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ বছর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ২৭০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ফলাফলে ৩৬৩ জন জিপিএ-৫, ৫৩৯ জন ‘এ’ এবং ১৮০ জন ‘এ-মাইনাস’ গ্রেড অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। দীর্ঘদিনের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবারের ফলাফলও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মান ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চমৎকার ফলাফলে সন্তোষ প্রকাশ করে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মু. শফিকুল আলম হেলাল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সমন্বিত ফলই এ সাফল্য। ভবিষ্যতেও ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।