স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে ভিসি অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি শুধু অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভরশীল নয়, এর জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা। ব্র্যাক ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।
তিনি বলেন, যৌথ গবেষণা, একাডেমিক আদান-প্রদান ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বাড়াতে কাজ করা হবে। এ সহযোগিতা দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে একত্রিত করে জ্ঞানকে প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে সারা দেশে অর্থবহ পরিবর্তন সাধনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে একযোগে কাজ করবে। এর ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. মালয় কান্তি মৃধা, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের (LTIC) পরিচালক অধ্যাপক মো. গোলাম সামদানি ফকির, ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. এরুম মারিয়াম প্রমুখ।