'সচেতন হই, সচেতন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি করেছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কলেজের বিএনসিসি প্লাটুন ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় ক্যাডেটরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন এবং মশাবাহিত রোগ থেকে নিরাপদ থাকতে প্রয়োজনীয় সচেতনতামূলক বার্তা প্রচার করেন।
র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা বাড়াতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানা, উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, বিএনসিসি প্লাটুনের কমান্ডার রিয়াজ মোরশেদসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বিএনসিসি ক্যাডেটরা ডেঙ্গু প্রতিরোধে নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন।