বিশ্বখ্যাত চিকিৎসকরা কিডনি, লিভার, কার্ডিয়াক ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টসহ জটিল রোগের চিকিৎসা সুবিধা আরও বিস্তৃত ও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন।

রোববার (১০ মে) ঢাকায় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বিভিন্ন দেশের চিকিৎসা বিশেষজ্ঞরা অংশ নিয়ে এ কথা জানান।

বক্তারা বলেন, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও হৃদরোগসহ প্রাণঘাতী রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিশ্বব্যাপী ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় আধুনিক চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা জরুরি।

নেপালের মেডিসিটি হাসপাতালের ইউরোলজি বিশেষজ্ঞ রবি কিরণ গৌতম বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কিডনি ও লিভার রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগীর জন্য মানসম্মত চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি কিডনি, লিভার, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং কার্ডিয়াক সেবাকে আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ রোগীদের উন্নত চিকিৎসা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেপালের অমিত তোমার বলেন, নেপালের উন্নত চিকিৎসা অবকাঠামো ও স্বাস্থ্যকর পরিবেশ রোগীদের দ্রুত সুস্থ হতে সহায়তা করছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশাম ভান্ডারি। এছাড়া সিএমএইচের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক আনোয়ারুল কবির, বিশিষ্ট নেপ্রোলজিস্ট ডা. নাবিউল হাসান, ডা. বিজয় জি রাজবংশী, ডা. রাজ রানা, মি. মঞ্জুরুল করিমসহ বিভিন্ন দেশের চিকিৎসক ও বিশেষজ্ঞরা অংশ নেন।