দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯৪ শিশু। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯০৯ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৯ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৫। এ সময়ে ১ হাজার ১১২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৬৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৩৩ জন।

এ সময়ের মধ্যে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।