স্টাফ রিপোর্টার

ব্রেন টিউমারে আক্রান্ত দৈনিক সংগ্রামের ফটো সাংবাদিক আরিফুল ইসলামকে হাসপাতালে দেখতে গিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। গতকাল সোমবার বিকেলে রাজধানীর শান্তি নগরে অবস্থিত অরোরা হাসপাতালে যান যান।

এসময় তার সাথে ছিলেন-দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক সা’দত হোসাইন, বার্তা সম্পাদক সামছুল আরেফীন, চিফ রিপোর্টার নাছির উদ্দিন শোয়েব, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল আজিজ ফারুকী এবং সিনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা মো: রাশিদুল ইসলাম রাশেদ। এরআগে সকালে মহাব্যবস্থাপক মো: আবুল হোসাইন চৌধুরী চিকিৎসাধীন আরিফুল ইসলামকে দেখতে হাসপাতালে যান। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আরিফকে দেখতে হাসপাতালে যান।

অসুস্থ আরিফকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা লাস্ট স্টেজে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার মাথায় অস্ত্রোপচার করতে হবে। আরিফুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার এবং সহকর্মীরা দোয়া চেয়েছেন।