স্টাফ রিপোর্টার
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)-এর সঙ্গে বৈঠক করেছেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলটি পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করে।
প্রতিনিধিদলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন গণদাবি সামনে রেখে লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সারা দেশে চারটি রুটে লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে আইজিপিকে লিখিতভাবে জানানো হয়েছে। বৈঠকে চারটি রুট, পথসভা ও বিভিন্ন কর্মসূচির স্থান সম্পর্কে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তারা খোলামেলা আলোচনা করেছেন। লংমার্চ শান্তিপূর্ণভাবে করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করছি, আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাব। আমরা জনগণের সঙ্গে আছি।’
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।