যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) পার্কচেস্টার চাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর পারিবারিক মিলনমেলা। এতে মুনার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিপুলসংখ্যক সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে ছিল আলোচনা, পারস্পরিক মতবিনিময়, খেলাধুলা ও আনন্দ-উৎসব।

রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় দুপুরে ক্রোটন পয়েন্ট পার্ক প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা পার্কচেস্টার চাপ্টারের সভাপতি শাহজালাল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন চাপ্টারের সেক্রেটারি রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, সহকারী শিক্ষা পরিচালক রাশেদুজ্জামান এবং নিউইয়র্ক নর্থ জোনের সেক্রেটারি নুরুস সামাদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউথ চাপ্টারের সভাপতি ফাহিম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ভালোবাসাকে আরও দৃঢ় করে। মুনা শুধু একটি সংগঠন নয়; এটি পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী ভ্রাতৃত্ববোধকে ধারণ করে এগিয়ে চলার একটি প্ল্যাটফর্ম।

তিনি বলেন, মানুষ যেখানেই থাকুক, সেখান থেকেই সমাজ ও মানবতার কল্যাণে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে নিজেদের মূল্যবোধ, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে মুনার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও আনন্দ-উৎসব অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

পারস্পরিক পরিচিতি, মতবিনিময় ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে শেষ হয় মুনা পার্কচেস্টার চাপ্টারের এ পারিবারিক মিলনমেলা।