বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানান।

বিবৃতিতে হেফাজতে ইসলামের নেতারা আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।

তারা বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রপতি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন। ইসলাম ও দেশের আলেম-ওলামার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ ও সুন্দর হবে এবং ধর্মীয় বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ যথাযথ গুরুত্ব পাবে বলেও আশা প্রকাশ করেন তারা।

হেফাজত নেতৃদ্বয় আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ন্যায়, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণের পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন মোকাবিলায় তিনি সাহসী ভূমিকা পালন করবেন এবং রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরিতে উদ্যোগী হবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী জালেম অপশক্তির মোকাবিলায় রাষ্ট্রপতি অভিভাবকের ভূমিকা পালন করবেন বলে তারা প্রত্যাশা করেন।

সবশেষে হেফাজতে ইসলামের আমীর ও মহাসচিব রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন।