সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত এই বিশেষ কমিটিতে সরকারি দলের সাতজন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। এই প্রক্রিয়ায় বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সংসদের চিফ হুইপ জানান যে বিশেষ কমিটিতে সরকারি ও বিরোধী দলের অভিজ্ঞ আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে চান তারা। সব মিলিয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি করার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আরও উল্লেখ করেন, আনুপাতিক হারে সব দলের প্রতিনিধি এবং স্বতন্ত্র সদস্যদের রাখা হবে যাতে সবার মতামতের ভিত্তিতে অচিরেই সংবিধান সংশোধনের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি কাজ শুরু করতে পারে।