ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, উচ্চ পর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্সিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও চাঙ্গা করা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও বেগবান করার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো এবং স্বাস্থ্য খাতের মতো বিভিন্ন সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
এই প্রতিনিধি দলটি গত ১১ই আগস্ট বাংলাদেশে আসে এবং এর আগে বুধবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গেও এক সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে যৌথভাবে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করার কথা রয়েছে।