সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের’ নাম ব্যবহার করে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র ভাইরাল হয়েছে।
তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শনিবার (২ মে) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এই অনুমতিপত্রটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে আসার পর প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে যে, অনুমতিপত্রটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাল করা হয়েছে। সরকারি কোনো অনুমোদন বা দাফতরিক প্রক্রিয়ার সাথে এই নথির কোনো সম্পর্ক নেই।
প্রাণিসম্পদ অধিদফতর স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে, আলোচিত অনুমতিপত্রটি তাদের কার্যালয় থেকে ইস্যু করা হয়নি।
নথিতে ব্যবহৃত নম্বর, তথ্য এবং স্বাক্ষরগুলোও সম্পূর্ণ ভুয়া এবং যাচাইযোগ্য নয়। এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের এই ধরনের অসত্য তথ্যের ভিত্তিতে কোনো আর্থিক লেনদেন বা সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।
সেই সঙ্গে নিশ্চিত না হয়ে এ ধরনের স্পর্শকাতর নথি অনলাইনে শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা এই ধরনের মিথ্যা তথ্য ও ভুয়া নথি তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
সঠিক তথ্যের প্রয়োজনে সবাইকে প্রাণিসম্পদ অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট (www.dls.gov.bd) অথবা নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।