কিশোরগঞ্জ সংবাদদাতা

আজ রোববার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন। এজন্য কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় থাকছে নানা কর্মসূচি। এর মধ্যে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন তিনি। এছাড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

তার সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর ১২টায় কটিয়াদী উপজেলায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তার সরকারের নেয়া কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান দেয়া এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী দেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।