চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয়রা তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যাওয়ার কথা রয়েছে। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

এর আগে রবিবার সকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী এলাকায় যান। সেখানে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বিকেলে ফটিকছড়িতে গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন সরকারপ্রধান।