স্টাফ রিপোর্টার

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০ প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৬টি ও সংশোধিত প্রকল্প ৪টি।

এছাড়া দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতি ইউনিট ২৩.৯৩ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজির দাম ধরা হয়েছে ২৩.৯৩ মার্কিন ডলার। এটি ২০২৬ সালের ৪৪তম কার্গো।

পাশাপাশি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি (প্রতিটি থেকে দুটি করে) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মোট ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কানাডার ‘কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন’ (সিসিসি) থেকে ৮০ হাজার টন এবং রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন’ থেকে ৩৫ হাজার টন এমওপি সার আনা হবে। উভয় ক্ষেত্রে প্রতি টনের দাম পড়বে ৩৭৭.৬৩ মার্কিন ডলার। এছাড়া সৌদি আরবের এসএবিআইসি অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে প্রতি টন ৪৩০ মার্কিন ডলার দরে ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মোট ব্যয় ২১৩ কোটি ১৯ লাখ টাকার বেশি।

বাণিজ্যিক প্রয়োজনে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার বা ২০ হাজার টন পরিশোধিত পাম অলিন কেনার সিদ্ধান্ত হয়েছে। শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ এই তেল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৩৬৮.২০ কোটি টাকা এবং প্রতি লিটারের দাম পড়বে ১৮৪.১০ টাকা।

সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প (১) ঢাকা মেডিকেল কলেজ এর ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনঃনির্মাণ প্রকল্প (২) ১০টি মেডিকেল কলেজ এর ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (১ম সংশোধন) প্রকল্প।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প, (১) ধরলা নদীর ডান তীরের ভাঙ্গন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা প্রকল্প (২) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট হতে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকর প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ (৩য় সংশোধিত) প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প (১) জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প (২) ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন) প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ০৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাক্সিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২. বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি এন্ড ট্রান্সফামেশন (বেস্ট) ১ম সংশোধিত প্রকল্প (৩) সুন্দরবন সুরক্ষা প্রকল্প (৪) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রীড সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প (৫) ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রীড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প (৬) ডিপিডিসি’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (৭) মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (৪র্থ পর্যায়) (৮) তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার (৯) প্রি-প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন কক্সবাজার এবং নোয়াখালীর ভাসানচর প্রকল্পের (১ম সংশোধন)।

অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান; কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।