স্টাফ রিপোর্টার
জনগণকে অসন্তুষ্ট করলে, জনরায়কে উপেক্ষা করলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। জনগণের দাবি নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি। লংমার্চ তারই অংশ বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের থানা আমীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বিএনপি কে উদ্দেশ্যকরে বলেন, ক্ষমতায় গিয়ে আপনারা সব ভুলে গেলেন? জনগণের গণরায় সরকারকে মানতে হবে। আমরা চাই আপনারা মেয়াদ পূর্ণ করেন।
তিনি বলেন, দেশ বাঁচাতে সংস্কারের কোনো বিকল্প নাই। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচার দ্রুত নিশ্চিতে দৃশ্যমান ভূমিকা না রাখলে জনঅসন্তষ্টির শিকার হতে হবে আপনাদের। বহু রক্তে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে। আগামী দিনে সকল আন্দোলন- সংগ্রামে ঢাকা মহানগরীর জনশক্তিরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে। জাতীয় এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে থানা আমীর সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার , নাসির উদ্দীন প্রমুখ।
সম্মেলনে কেন্দ্র ঘোষিত লংমার্চে অংশগ্রহণ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়।