বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এই স্বাধীনতার মাত্রা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা পৃথিবীর অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং, ডিসিপ্লিন—কোনো কিছুই সরকারের হাতে নেই। সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি শপথবদ্ধ রাজনীতিবিদ হতে। সেই স্বাধীনতা আমাদের দেশের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশের জজ সাহেবরা নিজেদের বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা ও যুক্তি দিয়ে যে রায় দেন, তাতে সরকারের কিছুই করার থাকে না। বাংলাদেশের সবচেয়ে বেশি মামলার পক্ষই হচ্ছে সরকার, আর সবচেয়ে বেশি হেরেছেও সরকার।বিচার বিভাগ যে নিরপেক্ষ তার সবচেয়ে বড় প্রমাণ হলো—মামলায় রাষ্ট্রপক্ষের হেরে যাওয়া। বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রপক্ষ এভাবে হারত না।

দেশে বিচারাধীন মামলার পাহাড় জমছে কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে প্রায় ৪৫ লাখ মামলা ঝুলে রয়েছে। মামলার এই দীর্ঘসূত্রিতার পেছনে মূল সংকটটি উল্লেখ তিনি বলেন, আমাদের বিচারক সংকট আছে; একইসঙ্গে আইনজীবীর সংখ্যাও কম। ট্রায়ালে অংশ নেয়ার মতো আইনজীবী বেশি না থাকায় মামলা জট কমানো যাচ্ছে না।’ তবে সরকার এই সংকট দূর করতে কাজ করছে বলেও জানান।

চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিষয়ে মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এই মামলায় যেন কোনোভাবেই প্রকৃত বিচার ব্যাহত না হয়। শতভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও বিচার বিভাগকে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।