নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আগামী তিন বছরের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। এ রায়ের ফলে আয়কর বাবদ প্রতিষ্ঠানটির কাছ থেকে ওই অর্থ আদায়ের ক্ষেত্রে এনবিআরের আইনি অবস্থান আরও শক্ত হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। অন্যদিকে গ্রামীণ কল্যাণের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মামলার নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংশ্লিষ্ট গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআর দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট।

তখন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা আয়কর নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে।

রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার নতুন হাইকোর্ট বেঞ্চ ওই রুল খারিজ করে দেন।

রিট খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে গ্রামীণ কল্যাণের পক্ষ।