বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শপথ নিতে যাওয়া ছয়জনের মধ্যে তিনজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত। এর মধ্যে ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

শপথ গ্রহণের জন্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এরই মধ্যে বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই তাদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হতে পারেন। অন্যদিকে বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।

মন্ত্রিসভায় এই রদবদলের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন আসছে। তবে নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে শপথ ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারির পরই চূড়ান্ত তথ্য জানা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।