দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। জুমার নামাজের পর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি পৃথকভাবে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।