কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের সাম্প্রতিক একটি মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন, তাকে ‘অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যায়িত করেছে দলটি।
আজ সোমবার (৩ আগস্ট) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর ধরে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীসহ পুরো দেশবাসীর ওপর চরম জুলুম, নির্যাতন, গুম, খুন এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এর বিরুদ্ধে জামায়াত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছে, যার ফলে শীর্ষ নেতাদের শাহাদাতবরণসহ হাজার হাজার নেতাকর্মী নির্যাতন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই।
তিনি আরও হুঁশিয়ারি দেন, যারা আওয়ামী লীগকে নতুন করে রাজনীতি করার সুযোগ দিতে বিভিন্ন বয়ান তৈরি করবে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করবে, দেশের জনগণ তাদের ‘ফ্যাসিবাদের দোসর’ বা ‘পুনর্বাসনকারী’ হিসেবে চিহ্নিত করবে।
বিবৃতিতে জামায়াত নেতা আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজপথে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছিল। জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তির সঙ্গে আওয়ামী লীগকে মেলানোর চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করে। বর্তমানে জামায়াতে ইসলামী ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নতুন বাংলাদেশে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দলের রাজনীতির কোনো স্থান থাকবে না বলে তারা বিশ্বাস করে।
একই সাথে, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেছে দলটি।