পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম নিউক্লিয়ার বিদ্যুৎ ব্যবহারকারী দেশ। আর এর মধ্য দিয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে এই ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা–রোসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের উদ্বোধন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার সরকার করেছিল তার একটি শক্তিশালী প্রতিফলন বলে মন্তব্য করেন প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করল বাংলাদেশ।