ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের মাথায় হেলমেট পরা ও হাতে পাইপ নেওয়া একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা আলিয়া মাদরাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সংঘাতের রেশ এসে পড়ে আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায়ও, যা দ্রুত দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দিতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সঙ্গেও তাকে বাকবিতণ্ডা ও তর্কে জড়াতে দেখা যায়।