বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি এবং উক্ত মামলায় কারাভোগ করায় তাঁকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ডিএমপি মোহাম্মদপুর থানার মামলা নং-৬৭/১১৩৯, তারিখ ১৮/১১/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ)/২০২৫ এর ৯(৪) (খ) তৎসহ ৩০৭/৩২৩ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী ফৌজদারি মামলা চলমান রয়েছে। উক্ত মামলায় গ্রেফতার হয়ে তিনি জেলহাজতে ছিলেন। তাই মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়-কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯ (২) অনুযায়ী এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪ এর (৬) মোতাবেক ১৬/০৯/২০২৫ তারিখ হতে অত্র বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আদেশটিতে আরও জানানো হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, শফিকুল ইসলামের সঙ্গে ঢাকায় এক নারীর সম্পর্ক ছিল এবং তাঁদের মধ্যে পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়। পরবর্তীতে ওই নারীকে শফিকুল ইসলাম মোহাম্মদপুর এলাকায় নিজ বাসায় ডেকে নিয়ে মারধর করেন এবং কুয়াকাটার একটি আবাসিক হোটেলে ধর্ষণের চেষ্টা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশের দাখিলকৃত এজাহারে মামলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।