ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির বাদী হয়ে এ মামলা করেন।
শনিবার (২৩ মে) বিকেলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২২ মে) এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহ সফরে আসেন। তার সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল নেতাকর্মী ও বাদীর ওপর হামলা চালায়। মামলায় বলা হয়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং বাদীকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এর আগে শুক্রবার রাতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয়। এর পরদিন পাল্টা এ মামলা করেন ছাত্রদল নেতা এনামুল কবির।
প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের বাইরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। ঘটনার পর দুপুর থেকে রাত পর্যন্ত থানায় অবস্থান করেন এনসিপি নেতাকর্মীরা।
পরে রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর রাত ১০টার দিকে পুলিশের পাহারায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।